আজ অনেকদিন পর কবিতা লিখলাম। বোধকরি অ-নে-ক দিন পর! এই দীর্ঘ সময়ে আসলে সেইভাবে কবিতা পড়া হয়ে ওঠেনি, লেখাটাও হয়নি। গত ক’দিন যাবত “আল মাহমুদ কবিতাসমগ্র”-তে ডুবে আছি। শুধু ডুবে থাকা নয়– একদম গভীরে, অতলে নিমজ্জন যাকে বলে………
আজ আমি এই কবির কবিতায় ডুবে থাকার কারণেই হয়ত বহুদিন পর কিছু একটা লিখে ফেললাম, হয়ত লিখতে পারলাম!
জীবন কি কেবল স্মৃতি মাত্র?
তবে কেন স্মৃতিরা শত-সহস্র তরঙ্গের আদলে
আছড়ে পড়ে হৃদয়ের বালুবেলায়…
প্রতিদিন দেখা হয় কত মানুষের সাথে,
কত নাম, কতকিছুর ঘটনা।
অথচ সব ভুলে তবু মনে থাকে
ডান হাতের অনামিকায় একটি আংটির কথা।
চোখ পানে চেয়ে অজস্র লোকের সাথে
কথা হয়, তাদের সবই তো ভুলে যাই।
ভুলিনা শুধু উজ্জ্বল দু’টি বাদামী চোখ,
চোখের ওপরের পাতায় ছোট্ট একটা তিল।
কত-শত সুরের মূর্ছনা শুনে চলি প্রতিদিন,
কত বিদগ্ধ সংগীত। সন্ধ্যায়ই যেন
বিস্মৃত হয়ে যাই সব।
শুধু কানের মাঝে নিরন্তর ভেসে চলে
সেই সুরেলা কণ্ঠের অনুরণন-–
“আমার কিছু ভালো লাগে না, জানো?”

জীবনটা কি তবে স্মৃতি নয়?
কেন তবে হৃদয়ের অতল গভীরে গেঁথে থাকা
অজস্র আর্তিগুলো অস্ফূট ভেসে আসে সময়ে সময়ে।
সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো……
ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে,
হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার
নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া…
তার নাম তো স্মৃতিই বটে!
সুদূর হতে সেই বিস্মৃত স্মৃতিরাই ঘাড় মটকাতে আসে……
“আজ আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে, জানো?”
(রচনাকালঃ ১০ জুলাই, ২০০৯)
[ ছবি কৃতজ্ঞতাঃ গুগল]


জটিল মামা !
ধন্যবাদ বন্ধু…
মাহমুদ অনেক দিন পর কবিতা লিখছে আর সেটা অনেক সুন্দর হবে না এটা তো হতে পারে না।
ভালো লাগছে বন্ধু?? খুশি হলাম ……
আসলেই অনেকদিন পর লিখলাম রে!
প্রায় তিন বছর…
কবিতাগুলির জন্য অসংখ্য ধন্যবাদ। এইগুলো কলকাতায় প্রায় পড়তে পাই না বলাই চলে।
ধন্যবাদ মেঘাপু
এইটা কিন্তু আমার নিজের লেখা কবিতা
অসাধারন।এত গভীর চিন্তা……সত্যি অসাধারন।
ধন্যবাদ
বাব্বাহ! কবিতাও লেখেন তাহলে ভাইয়া? তাও পারেন, কবিতার সাথে আমার বিকট শত্রুতা!:D
শত্রুতা কেন? কবিতা তো আবেগ প্রকাশের একটা শক্তিশালী মাধ্যম!
মাঝে মাঝে কবিতা লেখা হয়ে যায়… অনেক পড়ি বলেই হয়ত…
আর অনেক আবেগ জমে গেলেই হয়ত লেখা এসে পড়ে হাতে আর কি… …